গুরুদাসপুরে নৈরাজ্য ও নাশকতা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ পিএম
গুরুদাসপুরে নৈরাজ্য ও নাশকতা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

সংগৃহীত

মোঃ আব্দুর রউফ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি


নাটোরের গুরুদাসপুরে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল আজিজ।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকায় আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।


এমপি আব্দুল আজিজ বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। কেউ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন, সহিংসতা কিংবা নাশকতার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। কোনো ধরনের উসকানি বা গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


পথসভায় তিনি এলাকার উন্নয়ন, জননিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।


এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪