মাটি খননের সময় খাগড়াছড়িতে মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ এএম
মাটি খননের সময় খাগড়াছড়িতে মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

সংগৃহীত

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি


খাগড়াছড়ি জেলা সদরের শালবাগান এলাকার পল্লীটিলায় মাটি খননকালে ৮২ মিলিমিটার মর্টার শেল সদৃশ একটি গোলা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে সবজি চাষের জন্য পাহাড়ের পাশে মাটি খননের সময় গোলাটি দেখতে পান স্থানীয় বাসিন্দা মো. বেলাল হোসেন।


জানা যায়, মাটির প্রায় এক ফুট গভীরে গোলাটি দেখতে পেয়ে বেলাল হোসেন সেটিকে সম্ভাব্য বোমা বা বিস্ফোরকজাতীয় বস্তু বলে ধারণা করেন। পরে তিনি সেটি তাঁর বড় ভাই মো. সেকেন্দারের কাছে উত্তর গঞ্জপাড়া এলাকায় নিয়ে যান।


একপর্যায়ে গোলাটির ভেতরে কী রয়েছে, তা পরীক্ষা করতে সেটি কাটার পরিকল্পনা করা হলে পারভেজ আলম বিষয়টি জানতে পারেন। পরে তিনি সংশ্লিষ্ট সেনাবাহিনী কর্তৃপক্ষকে অবহিত করেন।


খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ইবি সদর জোনের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোলাটিকে সম্ভাব্য বিস্ফোরক হিসেবে বিবেচনা করে বিশেষজ্ঞদের মাধ্যমে শনাক্তকরণ ও বিধি অনুযায়ী নিরাপদে নিষ্ক্রিয় করার প্রস্তুতি চলছে। ২১ নভেম্বর বিশেষজ্ঞ দলের মাধ্যমে নিয়ন্ত্রিত বিস্ফোরণের সাহায্যে গোলাটি নিষ্ক্রিয় করার পরিকল্পনা রয়েছে।


এদিকে, গোলাটি নিষ্ক্রিয় না করা পর্যন্ত ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হিল আনসার সদস্যদের দায়িত্ব পালনের কথা রয়েছে।


সাধারণ মানুষকে গোলাটির কাছে না যাওয়া, স্পর্শ বা নাড়াচাড়া না করা এবং ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীদের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


এমকে/বিএম২৪