শিবপুরে উপজেলা প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, পিতার কাছ থেকে মুচলেকা আদায়
সংগৃহীত
শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার সাধারচর ইউনিয়নের গারদবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।
অভিযানকালে কন্যার পিতার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় তিনি অঙ্গীকার করেন, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না এবং ভবিষ্যতে কোনো ধরনের বাল্যবিবাহের আয়োজন বা সহযোগিতা করবেন না। মুচলেকার শর্ত ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তাঁকে সতর্ক করা হয়।
বাল্যবিবাহ কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশের ক্ষেত্রে বড় বাধা। এ সামাজিক ব্যাধি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা জরুরি।
বাল্যবিবাহমুক্ত শিবপুর গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি এ ধরনের বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
এমকে/বিএম২৪








