বিশ্বম্ভরপুরে এসআরবি-৯-এর পৃথক অভিযানে ১ লাখ ২৫ হাজার ৯৫০ পিস ভারতীয় বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম
বিশ্বম্ভরপুরে এসআরবি-৯-এর পৃথক অভিযানে ১ লাখ ২৫ হাজার ৯৫০ পিস ভারতীয় বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

সংগৃহীত

মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার ৯৫০ পিস ভারতীয় বিড়ি ও চারটি মোটরসাইকেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।


বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের জামালপুর ও পুরানগাঁও এলাকায় অভিযান দুটি পরিচালনা করে এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল।


এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে জামালপুর এলাকার একটি পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি মোটরসাইকেলের সিটে কাপড়ের বস্তা রেখে পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে বস্তা তল্লাশি করে ১ হাজার ৬৮০ প্যাকেটে ৪২ হাজার পিস ভারতীয় বিড়ি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।


এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিশ্বম্ভরপুর উপজেলার মাঝাইর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. তাজুল ইসলাম (৩৫) এবং ইসলামপুর গ্রামের মৃত তুফান আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৬০)।


একই দিন সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের পুরানগাঁও এলাকার একটি পাকা সড়কে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি মোটরসাইকেলের সিটে কাপড়ের বস্তা রেখে পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের হেফাজতে থাকা দুটি বস্তা থেকে ৩ হাজার ৩৫৮ প্যাকেটে ৮৩ হাজার ৯৫০ পিস ভারতীয় বিড়ি এবং তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।


এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বসন্তপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. রফিকুল (৩৮), মধ্য কাপনা গ্রামের মৃত কাদিরের ছেলে আমির হোসেন (২৭) এবং আব্দুল কাদিরের ছেলে সারোয়ার আহমেদ (২০)।


এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ভারতীয় বিড়ি সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।


এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁদের এবং জব্দ করা মালামাল বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


এসআরবি-৯ আরও জানায়, অপরাধ দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।


এমকে/বিএম২৪