নিষিদ্ধ ছাত্রলীগের লকডাউনের বিরুদ্ধে নোবিপ্রবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:২১ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগের লকডাউনের বিরুদ্ধে নোবিপ্রবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

সংগৃহীত

মো. শফিউল আলম, নোবিপ্রবি প্রতিনিধি


নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের একাংশ।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ লকডাউন কর্মসূচির ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন নোবিপ্রবি ছাত্রদলের নেতা-কর্মীরা।


ছাত্রদলের নেতা-কর্মীরা দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা লকডাউন কর্মসূচি নোবিপ্রবির শিক্ষার্থীসহ দেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপতৎপরতা, নৈরাজ্য ও অস্থিতিশীলতা মোকাবিলায় তাঁরা ক্যাম্পাসের শান্তিনিকেতন, প্রশান্তি পার্ক, প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেন।


এ বিষয়ে নতুন কমিটির সভাপতি পদপ্রত্যাশী সাখাওয়াত সায়েম বলেন, “আজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির নামে জনজীবন অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানাই। নোবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ আর কোনো নৈরাজ্য, ভীতি কিংবা সহিংসতার রাজনীতি দেখতে চায় না। ছাত্রসমাজ চায় নিরাপদ ক্যাম্পাস, সাধারণ মানুষ চায় নির্বিঘ্নে চলাচলের অধিকার, আর দেশবাসী চায় শান্তি ও গণতন্ত্র।


কোনো রাজনৈতিক দলের কর্মসূচির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হতে পারে না। আমরা সব ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও জনদুর্ভোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমাদের অবস্থান স্পষ্ট—নৈরাজ্য নয়, শান্তি চাই; প্রতিহিংসা নয়, ন্যায়বিচার চাই; স্বৈরাচার নয়, গণতন্ত্র চাই।


যারা গণহত্যার দায়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদের প্রতিপক্ষ এই দেশের জনগণ। জনগণের প্রতিপক্ষ কেউ বাংলাদেশে রাজনীতি করবে—এই ধারণা করাও বোকামি। নোবিপ্রবি ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সোচ্চার থাকবে। বাংলাদেশ জিন্দাবাদ।”


বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছে নোবিপ্রবি ছাত্রদল।


এমকে/বিএম২৪