নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংগৃহীত

মোঃ ওমর ফারুক, বান্দরবান সদর প্রতিনিধি


সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে ‘করব কাজ, গড়ব দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের জজকোর্ট এলাকার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, আবিদুর রহমান, সদস্য চনু মং মারমা ও লিটন বিশ্বাসসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।


বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্য চালানোর চেষ্টা করছে। শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা মেনে নেওয়া হবে না।


তারা আরও বলেন, দেশের মানুষ আর স্বৈরাচারী শাসন ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চায় না। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।


এ সময় বক্তারা শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দেশব্যাপী নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


এমকে/বিএম২৪