নড়িয়ার জপসায় পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে আটক ৪
সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ১ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার জপসা ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুর গ্রামের বালি বাক্স মাঝির ছেলে রহিম মাঝি (৬৫), ইব্রাহিম মোল্লার ছেলে বিল্লাল মোল্লা (৩৬), শামসুদ্দিন শাহের ছেলে ওসমান শাহ (৪৫) এবং চান্দনী গ্রামের নূরে আলম মিয়ার ছেলে সালমান মিয়া (৪৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় জুয়ার আসর বসেছে—এমন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানা পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ ১ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ভোজেশ্বর বাজারের ধানাপট্টি এলাকায় জুয়া খেলার আসর চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১ হাজার ২৪০ টাকাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমকে/বিএম২৪









