শিবপুরে লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, গুরুতর আহত ৪

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম
শিবপুরে লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, গুরুতর আহত ৪

সংগৃহীত

শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি


নরসিংদীর শিবপুরে লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। শনিবার (২১ নভেম্বর) সকালে শিবপুর-মনোহরদী সড়কের চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর থেকে মনোহরদীগামী একটি লেগুনার সঙ্গে বিপরীত দিক থেকে আসা শিবপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়। অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। গুরুতর আহত অপর চারজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


দুর্ঘটনার পর লেগুনাটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহত নারীর বাড়ি মনোহরদী উপজেলার নদাই গ্রামে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


এমকে/বিএম২৪