প্রধানমন্ত্রীর জন্মদিনে নোবিপ্রবিতে মিলাদ-দোয়া, এতিমদের মুখে হাসি ফোটালেন উপাচার্য
সংগৃহীত
মো: শফিউল আলম, নোবিপ্রবি প্রতিনিধি
প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বাদ জুমা নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
পরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাংলাবাজার দারুল উলূম হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানার ২৫০ জন এতিম শিক্ষার্থীর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন উপাচার্য।
ভোজে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির পেছনে দূরদর্শী নেতৃত্বের ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছে এবং বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনা ও আন্তরিক পৃষ্ঠপোষকতায় তাঁরা উজ্জীবিত। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় অব্যাহত সাফল্য কামনা করেন।
এতিম ও দুস্থ শিশুদের উদ্দেশে উপাচার্য বলেন, বিশেষ এই দিনে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাবার ভাগাভাগি করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহ যেন তাঁদের ইবাদত ও সদকা কবুল করেন এবং সৎ ও হালাল পথে চলার তৌফিক দান করেন। একই সঙ্গে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করেন তিনি।
নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সার্বিক কল্যাণ ও সফলতা কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া।
এমকে/বিএম২৪








