পাবিপ্রবিতে জুলাই-৬ হল ছাত্রদলের সাংগঠনিক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম
পাবিপ্রবিতে জুলাই-৬ হল ছাত্রদলের সাংগঠনিক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংগৃহীত

মো. বাপ্পি হোসেন, পাবিপ্রবি প্রতিনিধি


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হল শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সাংগঠনিক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের গেস্ট রুমে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. মুজাহিদ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কে. এম. তরিকুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফসিউল হক ইমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মঈন অলিভ।


এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং জুলাই-৬ হল শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন জুলাই-৬ হল ছাত্রদলের সভাপতি মো. আল ইমরান। সঞ্চালনা করেন হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিশান প্রামানিক নুর।


আলোচনায় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনকে আরও সুশৃঙ্খল, সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের অধিকার, কল্যাণ ও যৌক্তিক দাবির পক্ষে কাজ করার আহ্বান জানান।


এ বিষয়ে জুলাই-৬ হল ছাত্রদলের সভাপতি মো. আল ইমরান বলেন, নবগঠিত কমিটির প্রতি আস্থা রেখে দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি তিনি কৃতজ্ঞ। সংগঠনের নেতৃবৃন্দের প্রত্যাশা পূরণে হল শাখা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।


তিনি আরও বলেন, হলের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে নবগঠিত কমিটি। বিশেষ করে হলের ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণসহ শিক্ষার্থীদের আবাসিক বিভিন্ন সংকট চিহ্নিত করে হল প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।


বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি শেখ মুজাহিদ হোসেন বলেন, অনেক চড়াই-উতরাই ও ষড়যন্ত্র মোকাবিলা করে এ কমিটি গঠন করতে হয়েছে। নবগঠিত কমিটির কাছে তাদের অনেক প্রত্যাশা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সংগঠনের নেতাকর্মীদের সাধারণ শিক্ষার্থী ও হলের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে হবে।


তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ও হলে ফ্যাসিবাদের দোসরদের বিষয়ে এবং ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। হলের ডাইনিং, ক্যান্টিনসহ বিভিন্ন স্থানে বিদ্যমান অব্যবস্থাপনা চিহ্নিত করে হল প্রশাসনের কাছে তুলে ধরতে হবে, যাতে শিক্ষার্থীদের সমস্যার সমাধান করা সম্ভব হয়।


এমকে/বিএম২৪