অ্যালামনাই নির্বাচন ও নবীন বরণের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআরের বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
অ্যালামনাই নির্বাচন ও নবীন বরণের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআরের বর্ষপূর্তি উদযাপন

ছবি: বিডি মেইল

যবিপ্রবি প্রতিনিধি


নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।


শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বিভাগের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টার থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিভাগের সামনে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়।


এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, মানুষের সেবা করার সুযোগ সবার জীবনে আসে না। পিটিআর বিভাগের শিক্ষার্থীরা সরাসরি মানুষের সুস্থতা ও সেবার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। চিকিৎসাক্ষেত্রে চিকিৎসকদের পাশাপাশি সহযোগী পেশাজীবীদের দক্ষতা ও রোগীদের সঙ্গে আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক আচরণ নিশ্চিত করতে পারলে স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।


বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা সম্মিলিতভাবে বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও পিটিআর বিভাগ নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোতে এ বিভাগের গ্র্যাজুয়েটদের কর্মরত থাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। মানুষের সুস্থতা ফিরিয়ে আনতে ফিজিওথেরাপিস্টদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।


বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম বিভাগ হিসেবে পিটিআরের অ্যালামনাইদের পুনর্মিলনী আয়োজন আনন্দের বিষয়। মানবসেবায় বিভাগের গ্র্যাজুয়েটরা দেশজুড়ে যে অবস্থান তৈরি করেছেন, তা ইতিবাচক। শিক্ষার্থীদের গবেষণা, পেশাগত দক্ষতা ও মানবিক সেবার মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।


পিটিআর বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা এবং বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।


এ ছাড়া বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. জাহিদ হাসান, পিটিআর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আবু জুবায়ের শাওন এবং শিক্ষার্থী সুস্মিতা, মো. আলামিন ও হাসিবুর রহমান। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাজী মো. এমরান হোসেন।


দিনের কর্মসূচির অংশ হিসেবে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ফলাফল প্রকাশ করা হয়। সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) ‘ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন প্র্যাকটিসে মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসনোগ্রাফি এবং রিজেনারেটিভ অ্যাপ্রোচ’ বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, আট বছরের পথচলায় পিটিআর বিভাগ শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ক্লিনিক্যাল সেবা, গবেষণা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ক্যাম্প আয়োজনের মাধ্যমে বিভাগটি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার মানোন্নয়নের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প এবং স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনার কথা জানিয়েছে বিভাগটি।