মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২

ছবি: বিডি মেইল

মোহাম্মদ হোসাইন, মহেশখালী প্রতিনিধি


কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুটি দেশীয় একনলা বন্দুকসহ দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কুতুবজোম সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, কুতুবজোম সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একদল ব্যক্তি অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও কক্সবাজারের সদস্যরা শুক্রবার রাত ১০টার দিকে সেখানে বিশেষ অভিযান চালান।


অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়।


কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং ডাকাতি ও জলদস্যুতা দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।