শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার বিদেশি পিস্তল

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম
শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার বিদেশি পিস্তল

ছবি: সংগৃহীত

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।


পুলিশ জানায়, গত ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানার গোসিংগা ইউনিয়নের কর্নবপুর এলাকায় নরসিংদী-মাওনা আঞ্চলিক মহাসড়কে বিকাশের টাকা ডাকাতির ঘটনা ঘটে।


এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ১৯ নভেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার গিয়াসনগর এলাকা থেকে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখকে গ্রেপ্তার করে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।


ইমরান শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন (২০ নভেম্বর) শ্রীপুর থানার কেওয়া পশ্চিম খণ্ডের চালা পাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. রবিন আহমেদ (২২) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।


পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রবিন আহমেদের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ইমরান শেখ ও রবিন আহমেদকে ডাকাতি ও অস্ত্র মামলায় আদালতে পাঠানো হয়েছে।


প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তার ইমরান শেখের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। অন্যদিকে রবিন আহমেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে।


শনিবার (২১ নভেম্বর) গাজীপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।