দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্লান্ট গড়ে তোলার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
ছবি: বিডি মেইল
ফাহমিদা হৃদী, স্টাফ রিপোর্টার
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মাধ্যমে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শনিবার (২১ নভেম্বর) ঢাকার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে সারাদেশের যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে দেশে ১২ হাজার বায়োগ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এ কার্যক্রম আরও সম্প্রসারণ করে প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হবে। এর মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত গ্যাস বাণিজ্যিকভাবে বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।
তিনি আরও বলেন, বায়োগ্যাস উৎপাদন ও বিপণনের মাধ্যমে যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ঋণ কার্যক্রম সহজ করা হবে। প্রয়োজনে ঋণের পরিমাণও বাড়ানো হবে। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম গতিশীল করতে আগামী চার বছরের কর্মপরিকল্পনা গ্রহণ, যুব কাউন্সিল গঠন এবং প্রশিক্ষণ কার্যক্রমে নতুন নতুন ট্রেড সংযোজনের উদ্যোগ নেওয়া হবে।
কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতি মাসে অগ্রগতি প্রতিবেদন সংগ্রহ করা হবে। কর্মদক্ষতার ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এ ছাড়া দেশের যুবসমাজ ও যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে দ্রুততম সময়ের মধ্যে ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে। কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি চার মাস পরপর এ ধরনের মতবিনিময় সভা আয়োজন এবং কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশনাও দেন তিনি।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অধিকসংখ্যক বেকার যুবককে প্রশিক্ষণের আওতায় আনা, তৃণমূল পর্যায়ের যুব সংগঠকদের আরও সক্রিয় করা এবং বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ মডিউলে নতুন নতুন ট্রেড যুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।








