আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংগৃহীত

মোঃ কামাল উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি


আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।


তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন রাজপথে দেখা যায় না। হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে কিছু টোকাই দিয়ে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপ করছে। এ ধরনের অপতৎপরতা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না। বাংলাদেশের জনগণ এসব সন্ত্রাসী হামলার জবাব দেবে। অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টায় নগরীর কাজীর দেউড়ি মোড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।


গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও সকাল ৭টার আগে থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা কাজীর দেউড়ি মোড়ে জড়ো হতে থাকেন। এ সময় তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে কাজীর দেউড়ি গোলচত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আসকারদীঘির পাড়, জামালখান মোড় ও প্রেসক্লাব হয়ে চেরাগী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।


সমাবেশে ডা. শাহাদাত হোসেন বলেন, দেশ থেকে বিতাড়িত হয়ে পলাতক আওয়ামী লীগ বিদেশে বসে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তিনি দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।


তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাসী মানুষ অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবে না। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।


বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ১৬-১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা যেভাবে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, এখনো একইভাবে সক্রিয় রয়েছেন। আজকের কর্মসূচি প্রমাণ করেছে, অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা আগের মতোই সোচ্চার।


সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, যারা বোমাবাজি, লুটপাট, থানা থেকে বিভিন্ন সরঞ্জাম লুট, পুলিশের ওপর হামলা, সাধারণ মানুষকে হত্যা ও নির্যাতন এবং যানবাহনে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা বোমাবাজি ও অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের পাশাপাশি এসব কর্মকাণ্ডের অর্থদাতা, পৃষ্ঠপোষক ও নির্দেশদাতাদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না।


তিনি বলেন, নগরের শান্তিশৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সজাগ থাকবেন। প্রতিটি ওয়ার্ডে শান্তি মিছিল করা হবে। যারা নাশকতা করবে, তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।


রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তারা রাজপথ ছাড়েননি। দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা অভিজ্ঞতা অর্জন করেছেন। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।


তিনি আরও বলেন, আজকের কর্মসূচি সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে। নগরীর শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে। এ শান্তির মিছিল নগরীর প্রতিটি ওয়ার্ডে অব্যাহত থাকবে।


এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সরফরাজ কাদের রাসেল, মহানগর বিএনপি নেতা মো. শাহ আলম, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, আমিন মাহমুদ, হাজী নুরুল আকতার, মনজুর রহমান চৌধুরী, আলহাজ জাকির হোসেন, নূর হোসাইন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বিএনপি নেতা আব্দুল হালিম স্বপন, মোহাম্মদ ইদ্রিস আলী, শফিক আহমেদ, রমজু মিয়া, জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির হাজী নবাব খান, এস এম মুফিজ উল্লাহ, আলী আব্বাস খান, খন্দকার নুরুল ইসলাম, রাশেদ চৌধুরী, মো. হাসান, সাব্বির আহমেদ, সৈয়দ আবুল বশর, হাজী আবু ফয়েজ, নূর হোসেন নুরু, দিদারুল আলম, আলমগীর আলী, মোহাম্মদ সালাউদ্দিন, মো. সারোয়ার, চসিক জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন, নাসিরাবাদ শ্রমিকদলের সভাপতি আজিজ উদ্দিন মিন্টু, অঙ্গসংগঠনের নেতা নাছির উদ্দীন চৌধুরী নাসিম, আবদুল আহাদ রিপন, মহসিন কবির আপেল, আলিফ উদ্দিন রুবেল, বসিরুল ইসলাম পলাশ, সামিয়াত আমিন জিসান, তরিকুল ইসলাম তানভীর ও সালাউদ্দীন কাদের আসাদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এমকে/বিএম২৪