নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৩৩, ট্রাফিক আইনে জরিমানা ১ লাখ ৩১ হাজার টাকা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম
নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৩৩, ট্রাফিক আইনে জরিমানা ১ লাখ ৩১ হাজার টাকা

সংগৃহীত

শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি


নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, মাদক কারবারি ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। এ ছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৪৪টি মামলা করে ১ লাখ ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


পুলিশ জানায়, অপরাধ দমন, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে জেলার সব থানা ও ইউনিটের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।


অভিযানের অংশ হিসেবে মনোহরদী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর মামলায় চারজন এবং পরোয়ানাভুক্ত দুজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বড়চাপা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সোহেল আকন্দ (৫০), কাচিকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামীম (৫০), গোতাশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মঈন আহমেদ ওরফে শফিক (২৩) এবং লেবুতলা ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য নিলয় হোসেন নাজমুল (১৯)।


নরসিংদী সদর মডেল থানায় নিয়মিত মামলায় চারজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় একজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।


এ ছাড়া মাধবদী থানায় সিআর সাজা পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। শিবপুর থানায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনসহ মোট তিনজন এবং পলাশ থানায় জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন ও পুরোনো মামলার দুজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।


জেলা পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।


এমকে/বিএম২৪