খাগড়াছড়িতে উদ্ধার করা মর্টার শেল নিয়ন্ত্রিত বিস্ফোরণে নিষ্ক্রিয় করল সেনাবাহিন

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৩:১২ পিএম
খাগড়াছড়িতে উদ্ধার করা মর্টার শেল নিয়ন্ত্রিত বিস্ফোরণে নিষ্ক্রিয় করল সেনাবাহিন

সংগৃহীত

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি


খাগড়াছড়ি সদর উপজেলার উত্তর গঞ্জপাড়া এলাকায় মাটির নিচ থেকে উদ্ধার করা মর্টার শেল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।


শনিবার (২১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সদর জোনের ১৮ বেঙ্গলের বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে এ কার্যক্রম পরিচালনা করেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৯টা ২০ মিনিটে বোমা ডিসপোজাল গ্রুপের সদস্যসহ খাগড়াছড়ি সদর জোন থেকে দুটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা মর্টার শেল উদ্ধারের স্থান ও আশপাশের এলাকায় সতর্কতার সঙ্গে তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষা চালান। এ সময় অন্য কোনো অবিস্ফোরিত গোলাবারুদ বা বিস্ফোরকজাতীয় বস্তু পাওয়া যায়নি।


পরে উদ্ধার করা মর্টার শেলটি পিকআপে করে উত্তর গঞ্জপাড়া থেকে দক্ষিণ খবংপুরিয়া শ্মশানঘাটসংলগ্ন চেঙ্গী নদীর তীরবর্তী নিরাপদ স্থানে নেওয়া হয়। সেখানে সার্জেন্ট মাহবুবের নেতৃত্বে সকাল ৯টা ৫০ মিনিটে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়।


এ ঘটনায় কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।


জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটের এ কার্যক্রমে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।


এমকে/বিএম২৪