শরীরে অর্ধশতাধিক গুলি, চিকিৎসার অভাবে চলে গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম
শরীরে অর্ধশতাধিক গুলি, চিকিৎসার অভাবে চলে গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব

সংগৃহীত

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর ব্যুরো


চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন (৪০) আর নেই। শরীরে ছড়িয়ে থাকা গুলির যন্ত্রণা নিয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর হরিশ্বর গ্রামে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।


বিপ্লব হোসেন ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা হিসেবে তাঁর গেজেট নম্বর ১১৬৩। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক।


পারিবারিক সূত্রে জানা যায়, পেশায় ঝালমুড়ি ও আচার বিক্রেতা বিপ্লব ২০২৪ সালের ১৯ জুলাই দোকানের মালামাল কেনার জন্য রংপুর শহরের পৌরবাজারে যান। বিকেল ৪টার দিকে রাজপথে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল দেখে তিনিও আন্দোলনে যোগ দেন। এ সময় পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত হন তিনি। তাঁর শরীরে ৬০টিরও বেশি গুলি লাগে।


পরিবারের ভাষ্য অনুযায়ী, তৎকালীন সরকারের দমন-পীড়নের পরিস্থিতিতে আহত অবস্থায় গোপনে কাউনিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন বিপ্লব। পরে সেখান থেকে তাঁকে পালিয়ে যেতে হয়। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর চিকিৎসকেরা তাঁর শরীর থেকে কয়েকটি গুলি বের করতে সক্ষম হলেও বাকি প্রায় অর্ধশত গুলি শরীরের চামড়ার নিচে ও বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকায় অপসারণ করা সম্ভব হয়নি।


চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বিপ্লবকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে সেই ব্যবস্থা করতে পারেনি পরিবার। গত চার মাস ধরে শয্যাশায়ী ছিলেন তিনি। অবশেষে শুক্রবার নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়।


বিপ্লবের বৃদ্ধা মা তহিরন বেগম বলেন, “মোর বেটাক ভালো চিকিৎসা করাইতে পারলাম না। সরকার থাকি যে অনুদানের টাকা পাইছি, সেই টাকা দিয়াই বেটার চিকিৎসা আর সংসার চালানোর চেষ্টা করছি। গুলি লাগার পর থাকিই বেটার সবসময় শরীর ব্যথা করে বলে কষ্টের কথা কইতো। ভালো চিকিৎসার ব্যবস্থা করা গেলে হয়তো মোর বেটাক বাঁচানো যাইতো।”


বিপ্লবের স্ত্রী ফুলেরা বেগম বলেন, “আমার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সরকারের কিছু অনুদান পেলেও তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। কেউ খোঁজখবরও নিতে আসেননি। সুচিকিৎসার অভাবেই আমার স্বামী মারা গেছেন।”


তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।


এমকে/বিএম২৪