ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবলু
সংগৃহীত
আনোয়ারুল ইসলাম রনি, রংপুর ব্যুরো
রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১৮ নভেম্বর) থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে ঢাকার বিমানবন্দরে গেলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তার থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল।
অন্যদিকে, পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন দমনের অভিযোগে মোসাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার কার্যক্রম চূড়ান্ত হয়েছে এবং বাকি দুটি মামলা তদন্তাধীন। এসব মামলার মধ্যে সংশ্লিষ্ট একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুল ওয়াদুদ আলম বলেন, “গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বাবলুর নামে মামলা রয়েছে। সেই মামলায় ইতোমধ্যে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।”
এমকে/বিএম২৪









