নাটোরে শীতের মিষ্টি অর্থনীতি, খেজুরের গুড়ে ১১৫ কোটি টাকার স্বপ্ন

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম
নাটোরে শীতের মিষ্টি অর্থনীতি, খেজুরের গুড়ে ১১৫ কোটি টাকার স্বপ্ন

সংগৃহীত

মো. আব্দুর রউফ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি


শীতের আগমনী বার্তার সঙ্গে নাটোরের গ্রামীণ জনপদে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি। সন্ধ্যা নামতেই গাছের ডালে হাঁড়ি বাঁধার ব্যস্ততা, আর ভোরের আলো ফোটার আগেই রস সংগ্রহে বেরিয়ে পড়ছেন গাছিরা। মাটির চুলায় জ্বাল দেওয়া খেজুরের রসের মিষ্টি সুবাসে ধীরে ধীরে ফিরে আসছে গ্রামবাংলার চিরচেনা শীতকালীন ঐতিহ্য। এবার এই ঐতিহ্যবাহী খেজুরের গুড় ঘিরে নাটোরে প্রায় ১১৫ কোটি টাকার অর্থনৈতিক সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নাটোর জেলার সাতটি উপজেলায় বর্তমানে মোট খেজুরগাছ রয়েছে ৫ লাখ ২৯ হাজার ৭৩২টি। অপরিপক্ব ও কেটে ফেলা গাছ বাদ দিয়ে চলতি মৌসুমে রস সংগ্রহের উপযোগী গাছের সংখ্যা প্রায় ৪ লাখ ১৯ হাজার। এসব গাছ থেকে এবার ৭ হাজার টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


প্রতি কেজি গুড়ের সম্ভাব্য মূল্য ১৬৪ টাকা ৯০ পয়সা ধরে উৎপাদিত গুড়ের আনুমানিক বাজারমূল্য দাঁড়াবে ১১৫ কোটি ৪৩ লাখ টাকা। ফলে খেজুরের গুড়ের এই মৌসুম স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শীতের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় ৭০ থেকে ৭৫ দিন চলে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির মৌসুম। এ সময় গাছিরা প্রথমে খেজুরগাছের মাথা পরিষ্কার করে নির্দিষ্ট অংশ চেঁছে রস সংগ্রহের উপযোগী করেন। এরপর গাছের সঙ্গে বাঁধা হয় মাটির হাঁড়ি। রাতভর হাঁড়িতে জমে থাকা রস ভোরে সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসেন তাঁরা। পরে মাটির চুলায় বড় কড়াইয়ে ঘণ্টার পর ঘণ্টা জ্বাল দিয়ে তৈরি করা হয় পাটালি ও ঝোলা গুড়।


তবে খেজুরের গুড়ের ঐতিহ্য ও বাজার ধরে রাখতে ভেজালমুক্ত উৎপাদন নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় গাছিরা। গাছি আকবর আলী, সুখেন মণ্ডল, শুকুর মৃধা ও করিম শাহ বলেন, মৌসুম শুরু হলেই একশ্রেণির অসাধু ব্যবসায়ী চিনির সঙ্গে খেজুরের রস মিশিয়ে গুড় তৈরি করে বাজারজাত করেন। এতে প্রকৃত খেজুরের গুড়ের মান ও সুনাম ক্ষুণ্ন হয়। পাশাপাশি প্রকৃত গাছিরা তাঁদের উৎপাদিত গুড়ের ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হন।


নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. হাবিবুল ইসলাম খান বলেন, এ অঞ্চলের গাছিরা ইতোমধ্যে রস সংগ্রহ ও গুড় উৎপাদন শুরু করেছেন। খেজুরের গুড় উৎপাদন ও বিপণনের বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।


খেজুরের রস ও গুড় শুধু শীতের খাদ্য ঐতিহ্য নয়, নাটোরের বহু পরিবারের জীবিকা ও গ্রামীণ অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অংশ। সঠিক উৎপাদন পদ্ধতি, ভেজাল প্রতিরোধ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এই ঐতিহ্যবাহী পণ্য আরও বড় অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে পারে।


এমকে/বিএম২৪