ফরিদপুরে নিরাপত্তা জোরদারে ৫ প্লাটুন আনসার মোতায়েন, গুরুত্বপূর্ণ স্থানে টহল

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম
ফরিদপুরে নিরাপত্তা জোরদারে ৫ প্লাটুন আনসার মোতায়েন, গুরুত্বপূর্ণ স্থানে টহল

সংগৃহীত

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি


ফরিদপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে আনসার সদস্যরা সমবেত হন। পরে কয়েকটি দলে বিভক্ত হয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা।


ফরিদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ জানান, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।


তিনি বলেন, ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সিবাজার, তালমা, সদরপুর ও চরভদ্রাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাঁরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালত এলাকায়ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।


জেলা কমান্ডার আরও জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে টহল কার্যক্রম পরিচালনা করছেন তাঁরা। জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এমন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা প্রস্তুত রয়েছেন।


এমকে/বিএম২৪