নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যক্তিগত কাজে ব্যবহার, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া
সংগৃহীত
জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের মাঠে বিয়ের অনুষ্ঠানের গেট নির্মাণ, ভবনের বারান্দায় কাপড় শুকানো, শ্রেণিকক্ষের সামনে ধান শুকানো—এমনকি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় ভবনের ভেতরে আতশবাজি ব্যবহারের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
শিক্ষার্থীদের পড়ালেখা ও খেলাধুলার জন্য নির্ধারিত সরকারি প্রাথমিক বিদ্যালয়টির এমন চিত্রে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহল। তাঁদের অভিযোগ, বিদ্যালয়টি যেন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবর্তে ব্যক্তিগত বাসভবনে পরিণত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মূল ফটক দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ে বিয়ের অনুষ্ঠানের গেট তৈরিতে ব্যবহৃত বাঁশ ও কাপড়। মাঠের বিভিন্ন স্থানে পড়ে রয়েছে বিয়ের অনুষ্ঠানের চিহ্ন। যে মাঠে শিশুদের খেলাধুলা, দৌড়ঝাঁপ ও বিদ্যালয়ের সমাবেশ হওয়ার কথা, সেটি ব্যবহৃত হচ্ছে ব্যক্তিগত অনুষ্ঠানের কাজে।
শুধু মাঠ নয়, বিদ্যালয় ভবনের বারান্দার রেলিংয়ে ঝুলছে শাড়ি, লুঙ্গি ও বিভিন্ন ধরনের কাপড়। কোথাও কোথাও শ্রেণিকক্ষের জানালার গ্রিলে শুকাতে দেওয়া হয়েছে কাঁথা-বালিশ। ভবনের সামনের খালি জায়গায় বিছিয়ে রাখা হয়েছে ধান। রোদ উঠলে ধান শুকানো এবং বৃষ্টি এলে তা দ্রুত সরিয়ে নেওয়ার দৃশ্য দেখে বিদ্যালয় ও ব্যক্তিগত বাড়ির উঠানের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টি এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। স্কুল ছুটির পর তো বটেই, অনেক সময় ক্লাস চলাকালীনও ভবনের আশপাশে এমন দৃশ্য দেখা যায়। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শিশুদের মনে শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুতানার সঙ্গে কথা হলে তিনি এসব বিষয়ে কিছু জানেন না বলে জানান।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিয়া বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বা ভবন ব্যক্তিগত কাজে ব্যবহারের কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। তাঁরা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এমকে/বিএম২৪








