নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গণধোলাই, চিকিৎসা শেষে কারাগারে

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গণধোলাই, চিকিৎসা শেষে কারাগারে

সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক বায়েজিদ কোতোয়ালকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউটের সামনে বায়েজিদ কোতোয়ালকে দেখতে পেয়ে সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে মারধর করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে একটি রাজনৈতিক মামলায় তাকে আটক করা হয়।


এরপর বায়েজিদ কোতোয়ালকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে রাজনৈতিক মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।


এমকে/বিএম২৪