বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে সাধারণ মানুষ
সংগৃহীত
তালতলী (বরগুনা) প্রতিনিধি
বৈরী আবহাওয়ার প্রভাবে বরগুনার তালতলীতে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন, দমকা হাওয়া ও বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে দিনমজুর, কৃষক, জেলে ও নিম্নআয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে।
প্রতিদিন কাজের সন্ধানে যারা ঘর থেকে বের হন, বৈরী আবহাওয়ার কারণে তাঁদের অনেকেই কাজে যেতে পারছেন না। অন্যদিকে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
এদিকে বৃষ্টির কারণে গ্রামীণ সড়কে চলাচলে ভোগান্তি বেড়েছে। প্রয়োজনীয় কাজে ঘরের বাইরে বের হওয়া সাধারণ মানুষের জন্য কষ্টকর হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আবহাওয়া খারাপ থাকায় দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিশেষ করে দরিদ্র ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে। অনেকেই কাজ করতে না পারায় আর্থিক সংকটে পড়ছেন।
এ অবস্থায় আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় রেখে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এমকে/বিএম২৪








