টানা ৩ দিনের বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম
টানা ৩ দিনের বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ

সংগৃহীত

জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি


টানা তিন দিনের বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা। কাজের সুযোগ না থাকায় ঘরে বসে দিন কাটাচ্ছেন দিনমজুর, কৃষিশ্রমিক, রিকশা-ভ্যানচালক, নির্মাণশ্রমিক ও হকাররা। অনেক পরিবারে তিন বেলা খাবার জোটানোও কঠিন হয়ে পড়েছে।


২০ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন হাটবাজার, সড়ক ও গ্রামীণ রাস্তায় কাদা-পানিতে একাকার অবস্থা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হওয়ায় মাঠে ধান কাটা, রোপণসহ বিভিন্ন কৃষিকাজ প্রায় বন্ধ রয়েছে। জমিতে পানি জমে থাকায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।


নাসিরনগর সদরের দিনমজুর নাহিদ মিয়া বলেন, “তিন দিন ধইরা কাম নাই। ঘরে চাউল নাই, বাচ্চারা না খাইয়া আছে। বৃষ্টি কমলে কামে যাইতে পারমু।”


একই পরিস্থিতির কথা জানিয়েছেন ভ্যানচালক আলাই মিয়া ও নির্মাণশ্রমিক দিয়ারিশ মিয়াসহ অনেকে। তাঁরা বলেন, বৃষ্টির কারণে যাত্রী ও কাজের চাহিদা কমে গেছে। ভ্যান-রিকশা চালিয়েও দিনে ১০০ টাকা আয় হচ্ছে না। অথচ সংসারের খরচ মেটাতে প্রতিদিনই হিমশিম খেতে হচ্ছে।


এদিকে বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারেও। সবজিসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। বাজারে আসা ক্রেতারা জানান, বৃষ্টির কারণে পাইকারি বাজারে পণ্য সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।


বৃষ্টির কারণে অনেক পরিবার রান্না করতে না পেরে শুকনো খাবার খেয়ে দিন পার করছে। পাশাপাশি শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডা-জ্বরসহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিচ্ছে।


আবহাওয়া অফিস জানিয়েছে, আরও এক থেকে দুই দিন এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।


এমকে/বিএম২৪