নাসিরনগরের ধানতুলিয়া গ্রামে যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
নাসিরনগরের ধানতুলিয়া গ্রামে যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ

সংগৃহীত

জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধানতুলিয়া গ্রামে যাত্রাপালার নামে অশ্লীল নাচ-গান পরিবেশনের অভিযোগ উঠেছে। এ অনুষ্ঠানকে ঘিরে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা।


বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার ঐতিহ্যবাহী চাতলপাড় ইউনিয়নের ধানতুলিয়া গ্রামে এ যাত্রাপালার আয়োজন করা হয়। স্থানীয়দের অভিযোগ, ঐতিহ্যবাহী যাত্রাপালার আড়ালে মঞ্চে এমন কিছু দৃশ্য পরিবেশন করা হয়েছে, যা সামাজিক পরিবেশ, পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক।


স্থানীয়দের দাবি, অনুষ্ঠানে নারী-পুরুষের ঘনিষ্ঠভাবে নাচ, অশালীন অঙ্গভঙ্গি ও দৃষ্টিকটু পরিবেশনা ছিল। এসব দেখে বিব্রত হয়েছেন অনেক দর্শক।


সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল, অনুষ্ঠানস্থলের সামনের সারিতে ছোট ছোট শিশু-কিশোরদের উপস্থিতি। অভিভাবকদের অভিযোগ, পরিবার নিয়ে উপভোগ করার মতো পরিবেশনা ছিল না এটি। শিশুদের সামনে এমন পরিবেশনা তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


একজন অভিভাবক বলেন, ‘আমরা যাত্রা দেখতে গিয়েছিলাম, আমাদের ঐতিহ্য উপভোগ করব বলে। কিন্তু মঞ্চে যা দেখলাম, তা যাত্রা ছিল না। এটা আমাদের সংস্কৃতি নয়।’


আরেকজন গ্রামবাসী বলেন, ‘যাত্রা মানেই ছিল গল্প, গান, অভিনয় ও সমাজের নানা বিষয় তুলে ধরা। এখন যাত্রার নামে শুধু নাচ আর শরীর প্রদর্শন হচ্ছে। এতে গ্রামের সম্মান ক্ষুণ্ন হচ্ছে।’


এলাকার মুরব্বি ও সচেতন মহলের দাবি, যাত্রাপালা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশালীন পরিবেশনা বন্ধে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। অনুষ্ঠান আয়োজনের আগে অনুমতি, মঞ্চের পরিবেশনা এবং দর্শকদের বয়সের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।


তবে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকনৃত্য ও বিনোদনমূলক পরিবেশনা। দর্শকদের আনন্দ দিতেই এমন নাচের আয়োজন করা হয়েছে। এতে অশ্লীলতার কোনো উদ্দেশ্য ছিল না বলেও জানান তারা।


এলাকাবাসীর দাবি, ঐতিহ্য রক্ষা করতে হলে যাত্রাপালাকে আবারও সুস্থ, শালীন ও শিক্ষণীয় ধারায় ফিরিয়ে আনতে হবে। যাত্রার মঞ্চ হোক গল্প বলার, সমাজের বাস্তবতা তুলে ধরার জায়গা; অশ্লীলতার নয়।


এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ধানতুলিয়া গ্রামের বাসিন্দারা। ভবিষ্যতে যাত্রাপালার নামে যেন কোনো অশালীন পরিবেশনা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি গ্রামের শিশু-কিশোরদের জন্য সুস্থ সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সচেতন এলাকাবাসী।


এমকে/বিএম২৪