আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১২
সংগৃহীত
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনায় লকডাউন কর্মসূচি সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে তাঁদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবারের দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করতে বুধবার রাতে আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক আহমেদ তোহা ও রাহাত মৃধার নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী শাখারিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন—নাঈম হাওলাদার (১৬), জোবায়ের মৃধা (১৭), রাশেদুল হাওলাদার (১৬), নাঈম খান (১৫), শুভঙ্কর দাস (২১), জাবের ইসলাম (২১), সিফাত আকন (১৫), রাব্বি আকন (১৭), সাইমুন হাওলাদার (১৬), ইমরান (১৬), নাঈম (১৬) এবং আমতলী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন (৩০)।
বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাঁদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ১২ জনকে গ্রেপ্তার করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
আদালতের সিএসআই মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার ১২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।
এমকে/বিএম২৪








