কেবি কলেজে নবীনবরণ ২০২৬ অনুষ্ঠিত, বরণ করা হলো ৮৫০ শিক্ষার্থীকে
ছবি: বিডি মেইল
বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের (কেবি কলেজ) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৮৫০ শিক্ষার্থীকে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে কেবি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাঁদের আগামীর পথচলা সুগম করতে সংক্ষিপ্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
কেবি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলি রেজা ফারুক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল আলীম এবং কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, কেবি কলেজের একটি ঐতিহ্য রয়েছে। এখানে সব সময় চমৎকার ও সুশৃঙ্খল অনুষ্ঠান হয়। এত সুন্দর কলেজ বাংলাদেশে খুব কমই আছে। এটি আমাদের গর্বের জায়গা। ২০২৪ সালের আগে কলেজের অবস্থা ভালো ছিল না। তবে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। বর্তমান অধ্যক্ষের প্রচেষ্টায় কলেজ আবার ঘুরে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা কলেজে শ্রেণিকক্ষের পাঠদান ও শ্রেণিকক্ষের বাইরের কাউন্সেলিংয়ের সুফল এইচএসসি ও ভর্তি পরীক্ষায় পেয়েছে। ময়মনসিংহ বোর্ডে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে জাতীয় পর্যায়েও আরও উন্নতি করতে পারবে বলে আমরা আশা করি।
সভাপতির বক্তব্যে কেবি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান বলেন, কেবি কলেজের ভালো ফলাফল কোনো জাদুকরি ছোঁয়ায় আসেনি। শুধু গতানুগতিক পড়াশোনা নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমেই এ সাফল্য অর্জিত হয়েছে।
তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রম, আধুনিক ল্যাবরেটরি, লাইব্রেরির ব্যবহার, নিয়মিত ক্লাসে উপস্থিতি, বিশেষ অনুশীলন, অভিভাবকদের সমর্থন এবং গভর্নিং বডির সার্বক্ষণিক দিকনির্দেশনায় কেবি কলেজ এ সাফল্য অর্জন করেছে। আজকের এই অর্জন আমাদের ভবিষ্যতের জন্য নতুন প্রতিশ্রুতি। নবীন শিক্ষার্থীরা সাফল্যের এ ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে কলেজজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে কঠোর অধ্যবসায় ও শিক্ষকদের দিকনির্দেশনা মেনে চললে অবশ্যই সফলতা আসবে। জিপিএ-৫ অর্জনের পাশাপাশি স্মার্ট, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
এমকে/বিএম২৪









