নরসিংদীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম
নরসিংদীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

ছবি: বিডি মেইল

শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি


বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে নরসিংদীতে প্রথম দিনের মাঠপর্যায়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (২২ নভেম্বর) নরসিংদী জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।


নিয়োগ কার্যক্রমে নরসিংদী জেলা নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক বিপিএম-সেবা, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার প্রতিনিধি এবং নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা প্রার্থীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই করেন।


এ সময় পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশে বলেন, কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধার ভিত্তিতে সম্পন্ন করা হবে। এ বিষয়ে কোনো ধরনের প্রতারণা বা দালাল চক্রের প্রলোভনে না পড়তে চাকরিপ্রত্যাশীদের সতর্ক করেন তিনি।


জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ২৩ ও ২৪ নভেম্বর প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট—পিইটি)-তে অংশ নেবেন।