২২ বছর পর ১২ ডিসেম্বর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফাইল ছবি
মো. শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রায় ২২ বছর পর আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে ঐতিহ্যবাহী স্থানীয় খেলাধুলার উৎসব। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ উৎসবের উদ্বোধন এবং নতুনকুঁড়ি স্পোর্টসের বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ করার কথা রয়েছে তাঁর। একই সঙ্গে সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমন ও ক্রীড়া উৎসব সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা। আয়োজনের সার্বিক প্রস্তুতি ও সমন্বয় নিয়ে রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি সভা আহ্বান করা হয়েছে। সভায় সুনামগঞ্জের পাঁচজন সংসদ সদস্যের উপস্থিত থাকার কথা রয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নুর আলম রোববার দুপুর ২টার দিকে জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সুনামগঞ্জের ক্রীড়া উৎসব সফল করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জেলার পাঁচ সংসদ সদস্যকে নিয়ে সভায় বসবেন। তখনো সভা শুরু হয়নি। সভা শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে তিনি জানান।
২০০৪ সালে সর্বশেষ সুনামগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। ওই সময় শহরের পুরাতন বাসস্টেশনে আয়োজিত একটি সমাবেশে বক্তব্য দেন তিনি। পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে ওই নির্বাচনী এলাকার টেকেরঘাট ও জামালগঞ্জে পৃথক দুটি সমাবেশেও বক্তব্য দেন তিনি।
দীর্ঘ প্রায় ২২ বছর পর হাওর-বাঁওড়ের জেলা সুনামগঞ্জে তাঁর আগমনের খবরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফরকে ঘিরে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান জানান, প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে আসছেন—বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জেলা স্টেডিয়ামে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে। পাশাপাশি নতুনকুঁড়ি স্পোর্টসেরও আয়োজন থাকবে। একই সঙ্গে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
**এমকে/বিএম২৪**








