তৃতীয় সমাবর্তনেও স্নাতকোত্তরে স্বর্ণপদক চান শিক্ষার্থীরা
ফাইল ছবি
মো. শফিউল আলম, নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আসন্ন তৃতীয় সমাবর্তনে স্নাতকোত্তর পর্যায়ের কৃতী শিক্ষার্থীদেরও স্বর্ণপদক দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। স্নাতক পর্যায়ে কৃতী শিক্ষার্থীদের রাষ্ট্রপতি স্বর্ণপদক দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেও স্নাতকোত্তর পর্যায়ের মেধাবীদেরও সমাবর্তনে স্বীকৃতি দেওয়ার প্রত্যাশা তাঁদের। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সমাবর্তন আয়োজক কমিটি সূত্রে জানা যায়, আগামী ২৪ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। তবে এবারের সমাবর্তনে শুধু স্নাতক পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের রাষ্ট্রপতি স্বর্ণপদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এবার কোনো স্বর্ণপদক রাখা হয়নি।
এ সিদ্ধান্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী নাজমুন সাকিব ইতি বলেন, ‘তৃতীয় সমাবর্তনে স্নাতক পর্যায়ে অনুষদে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অনুষদে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের এই স্বীকৃতির বাইরে রাখা হতাশাজনক। আমি নিজে স্নাতক ও স্নাতকোত্তর—উভয় ডিগ্রিতেই আইন অনুষদে প্রথম স্থান অর্জন করেছি।
‘দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও একাডেমিক নিষ্ঠার মাধ্যমে অর্জিত এই কৃতিত্ব সমাবর্তনের মতো গুরুত্বপূর্ণ উপলক্ষে স্বীকৃতি পাবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল। বিশ্ববিদ্যালয় যদি মেধা, যোগ্যতা ও একাডেমিক উৎকর্ষকে মূল্যায়ন করে, তবে সেই মূল্যায়ন ডিগ্রির স্তরভেদে সীমাবদ্ধ থাকা উচিত নয়। আমাদের দাবি কোনো অনুগ্রহ নয়; এটি আমাদের অর্জিত মেধা, পরিশ্রম ও যোগ্যতার প্রাপ্য স্বীকৃতি। আমরা আশা করি, সমাবর্তনের আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক শিক্ষার্থী বলেন, ‘নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে স্নাতকোত্তর পর্যায়ে উপাচার্য পদক প্রদান না করার সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক। সমাবর্তন একজন শিক্ষার্থীর দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায়, মেধা ও একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি পাওয়ার বিশেষ মুহূর্ত। এই স্বীকৃতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে।
‘বিশ্ববিদ্যালয়ের উচিত মেধাবী ও কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন এবং স্বীকৃতির ধারাবাহিকতা বজায় রাখা। উপাচার্য পদক কেবল একটি সম্মাননা নয়; এটি শিক্ষার্থীদের অর্জনকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই বিষয়টি পুনর্বিবেচনা করে ভবিষ্যতে মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘যাঁরা চার বছরের অনার্স সম্পন্ন করেছেন, এবার আমরা তাঁদের জন্যই রাষ্ট্রপতি স্বর্ণপদক রাখছি। অনার্স হলো একটি নির্ধারিত (টার্মিনেটেড) ডিগ্রি, আর মাস্টার্স ঐচ্ছিক। তাই এবার আমরা মাস্টার্সকে বিবেচনায় রাখিনি, শুধু অনার্সের জন্যই এটি রাখা হয়েছে। গত দুই বছর কী হয়েছিল, তা ভিন্ন বিষয়; এবার আমরা শুধু অনার্সের বিষয়টিই বিবেচনা করছি। সবকিছু তো আর একসঙ্গে করা সম্ভব নয়। চার বছর কষ্ট করে যাঁরা সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন, আমরা মূলত তাঁদেরই বিবেচনা করছি। মাস্টার্স যেহেতু ঐচ্ছিক এবং বাধ্যতামূলক নয়—এখানে বাইরের বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন কলেজ থেকেও অনেকেই ভর্তি হন—তাই ভবিষ্যতে কখনো হয়তো বিবেচনা করা হতে পারে। তবে এবার আমরা শুধু অনার্স থেকেই পদক দিচ্ছি। এটি এক বছরের ডিগ্রি, আর এটি চার বছরের অনার্স শেষ করার পরের বিষয়। তাই এটি নিয়ে খুব বেশি সিরিয়াসলি ভাবার কিছু নেই।’
উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ওই সমাবর্তনে স্নাতকোত্তর পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হয়েছিল।
এমকে/বিএম২৪









