চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিনসহ গ্রেপ্তার ১, ইউটিউব দেখে তৈরির কৌশল শেখার দাবি
ছবি: সংগৃহীত
মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জামসহ তৌহিদুল আলম আকিব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিন, কাঁচামাল ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মোবাইল-৩১ ডিউটিতে থাকা পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় তৌহিদুল আলম আকিবকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিব তাঁর বর্তমান ঠিকানা হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা জানান। পরে চান্দগাঁও থানার এসআই মো. ফরহাদ মহিম, এসআই মো. ইমাম হোসেন ও এএসআই মো. মমতাজ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান চালায়।
বাসাটির চতুর্থ তলায় অভিযান চালিয়ে একটি ইয়াবা তৈরির মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আকিব জানিয়েছেন, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় তিনি ইয়াবা তৈরির কৌশল শেখেন। পরে নারায়ণগঞ্জ থেকে একটি মেশিন কিনে ভাড়া বাসায় স্থাপন করেন। ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলেও তিনি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধার করা ইয়াবা তৈরির মেশিনের আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। এ ছাড়া দুই পিস ইয়াবা ও তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।








