নাসিরনগরে মুরগি কিনতে গিয়ে জাল নোটসহ জনতার হাতে আটক যুবক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
নাসিরনগরে মুরগি কিনতে গিয়ে জাল নোটসহ জনতার হাতে আটক যুবক

ছবি: বিডি মেইল

খ. ম. জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের হাঁস-মুরগির বাজারে জাল টাকা দিয়ে মুরগি কিনতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন এক যুবক।


রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের হাঁস-মুরগির বাজারে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক এক নারী বিক্রেতার কাছ থেকে মুরগি কেনার সময় ১ হাজার টাকার একটি নোট দেন। নোটটি হাতে নিয়ে সন্দেহ হয় বিক্রেতার। পরে আশপাশের লোকজন তার মানিব্যাগ তল্লাশি করলে আরও বেশ কয়েকটি জাল নোট পাওয়া যায় বলে দাবি করেন তারা।


এ সময় উত্তেজিত জনতা ওই যুবককে আটক করে রাখে। খবর পেয়ে নাসিরনগর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জাল নোটসহ ওই যুবককে থানায় নিয়ে যায় পুলিশ।


জিজ্ঞাসাবাদে আটক যুবক নিজের নাম শফিকুল ইসলাম (৩৮) এবং বাবার নাম রজ্জব আলী বলে জানান। তিনি হবিগঞ্জ জেলার লাখাই থানার নখনাউক এলাকার বাসিন্দা বলে দাবি করেছেন।


এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত নাসিরনগর থানা-পুলিশের সদস্যরা জানান, উদ্ধার করা জাল নোটগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা জানান, বাজারে লেনদেনের সময় সবাইকে আরও সতর্ক থাকতে হবে এবং টাকা গ্রহণের আগে ভালোভাবে যাচাই করে নিতে হবে।


এমকে/বিএম২৪