গাজীপুরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চান নতুন গাউক চেয়ারম্যান
ছবি: বিডি মেইল
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরকে ঢাকার সম্প্রসারিত ও পরিকল্পিত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) নবনিযুক্ত চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল। এ লক্ষ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অপরিকল্পিত নগরায়ণ নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য হাসপাতাল, আবাসন ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) প্রথমবারের মতো কার্যালয়ে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন নতুন চেয়ারম্যান।
কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, ঢাকায় জনসংখ্যার তুলনায় আবাসনের সুযোগ সীমিত। গাজীপুরকে পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হলে আবাসন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। এতে রাজধানী ঢাকার ওপর জনসংখ্যার চাপও কমবে।
তিনি বলেন, প্রথমেই গাজীপুরের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। পাশাপাশি অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বাড়িঘর, শিল্পকারখানা ও আবাসনব্যবস্থাকে পরিকল্পনার আওতায় আনতে হবে।
গাজীপুরের লাখ লাখ শিল্পশ্রমিকের কল্যাণে হাসপাতাল, আবাসন এবং তাঁদের সন্তানদের জন্য স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া প্রবাসীদের জন্য ‘প্রবাসী পল্লী’ এবং মধ্যবিত্ত ও সাধারণ মানুষের জন্য আবাসিক নগরী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তুরাগ নদের দুই পাশের সৌন্দর্যবর্ধন ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নেও কাজ করার পরিকল্পনার কথা জানান তিনি।
উন্নয়ন কর্তৃপক্ষের অনিয়ম-দুর্নীতি এবং ভবন নির্মাণের নকশা অনুমোদনে দীর্ঘসূত্রতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন চেয়ারম্যান বলেন, দায়িত্ব পালনে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে চান তিনি। তাঁর ভাষ্য, ‘আশা করি ভবিষ্যতে এখানে কোনো ধরনের অন্যায়, অবিচার ও দুর্নীতি হবে না।’
এর আগে কার্যালয়ে পৌঁছালে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে স্বাগত জানান। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিসীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী গ্রেড-২ পদমর্যাদায় তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।









