খাগড়াছড়িতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো জগদ্ধাত্রী পূজা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পিএম
খাগড়াছড়িতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো জগদ্ধাত্রী পূজা

সংগৃহীত

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি


খাগড়াছড়িতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় দশমী পূজা ও পুষ্পাঞ্জলি শেষে মহাশোভাযাত্রা সহকারে চেঙ্গী নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।


এর আগে বুধবার (১৮ নভেম্বর) সকালে খাগড়াছড়ি ভুবনেশ্বরী কেন্দ্রীয় কালীমন্দিরের নিজস্ব ভূমিতে বিদ্যানিকেতনের আয়োজনে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বর্ণাঢ্য আয়োজন, বর্ণিল আলোকসজ্জা ও ভক্তদের ব্যাপক সমাগমে অনুষ্ঠিত হয় এবারের জগদ্ধাত্রী পূজা।


জগদ্ধাত্রী পূজা দুর্গাপূজার আরেকটি রূপ। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এ পূজা উদযাপন করেন। এ পূজায় একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমীর আনুষ্ঠানিকতা পালন করা হয়। দুর্গাপূজার পরপরই সনাতনী সম্প্রদায়ের নারী-পুরুষ এ ধর্মীয় উৎসবে অংশ নেন।


পূজা উপলক্ষে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর জগদ্ধাত্রী মায়ের পূজা, গীতাপাঠ, আরতিসহ নানা ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।


বুধবার রাতে পূজামণ্ডপে আরতি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া চট্টগ্রামের শিল্পী অলোক দেবনাথ ডমরু ও শিবতাণ্ডব পরিবেশন করেন।


জগদ্ধাত্রী পূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের ভক্তরা পূজামণ্ডপে উপস্থিত হয়ে জগতের শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনায় অংশ নেন।


বৃহস্পতিবার সকালে দশমী পূজা শেষে পুষ্পাঞ্জলি প্রদান ও মহাশোভাযাত্রার পর চেঙ্গী নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটে।


এমকে/বিএম২৪